২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিখোঁজের এক মাস পর এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের গৌরীশ্বরপুর গ্রামের বন্যা আশ্রয়কেন্দ্রের একটি পরিত্যক্ত শৌচাগারের সেপটিক ট্যাংকে আশরাফুল ইসলামের (৩৫)  লাশ পাওয়া যায়।

আশরাফুল ইসলাম উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। স্থানীয় চতরা বাজারে একটি মোটরসাইকেল শোরুমের মালিক ছিলেন তিনি।

এ ঘটনায় আশরাফুলের স্ত্রী একটি মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, গত ১৮ জানুয়ারি রাতে মোবাইল ফোনে আশরাফুলকে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

এ ঘটনায় জড়িত সন্দেহে গত ১০ ফেব্রুয়ারি একই ইউনিয়নের গৌরীশ্বেরপুর গ্রামের আব্দুল খালেক, তার স্ত্রী-রিপা বেগম ও পাশের ইকলিমপুর গ্রামের মোস্তফা কামালকেআটক করে র‌্যাব।

ওসি আরও বলেন, হেফাজতে জিজ্ঞাসাবাদে আটকরা খুনের কথা স্বীকার করেছে।তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার দুপুরে সেপটিক ট্যাংক থেকে গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আশরাফুলের ও আব্দুল খালেকের পাশাপাশি দুটি কিন্ডারগার্টেন স্কুল আছে। স্কুল নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব।

এ নিয়ে আব্দুল খালেক লোক দিয়ে মোবাইল ফোনে ডেকে আশরাফুলকে হত্যা করিয়ে পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বলেন ওসি।

আশরাফুলের স্ত্রী মোরশেদা বেগম বলেন, “আশরাফুল নিখোঁজের একদিন পর মোবাইলে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দাবিকারী নিজের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন। পরে পীরগঞ্জ থানায় অপহরণ মামলা করি।”

বিষয়টি র‌্যাবকেও জানানো হয়। এরপর থেকে আর কেউ টাকা চেয়ে ফোন করেননি। মোবাইলটিও বন্ধ পাওয়া যায় বলে তিনি জানান।