২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, দাবি মন্ত্রীদের

বিএনপি জোট লাগাতার হরতাল-অবরোধ চালিয়ে গেলেও সারাদেশে তার কোনো প্রভাব এখন আর নেই বলে দাবি করছেন সরকারের মন্ত্রীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 06:14 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

টানা অবরোধের দেড় মাস পেরিয়ে যাওয়ার পর মঙ্গলবার দুই মন্ত্রী আমির হোসেন আমু ও মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

শিল্পমন্ত্রী আমু সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “যেভাবে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল, তা অনেক কমে গেছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।

“হরতাল ও অবরোধের কথা মুখে শুনছি, বাস্তবে কিছু দেখছি। প্রতিদিন হাইওয়েতে হাজার হাজার গাড়ি যাতায়াত করছে। দুই একটা জায়গায় সামান্য কিছু করার চেষ্টা করছে তারা (২০ দল)।”

স্বাস্থ্যমন্ত্রী নাসিম এক মতবিনিময় সভার পর সাংবাদিকদের বলেন, “দেশের সব কিছু স্বাভাবিক। কোথাও হরতাল হচ্ছে না। আমি নিজেও আজকে জ্যামে আটকা পড়েছিলাম।”

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারপর এখন প্রায় লাগাতার হরতালও ডাকছে ২০ দল।

Image
হরতাল-অবরোধে রাজধানীর পথে গাড়ি চলাচল প্রায় স্বাভাবিক

হরতাল-অবরোধে রাজধানীর পথে গাড়ি চলাচল প্রায় স্বাভাবিক

Image
অবরোধের মধ্যে এভাবে গাড়ি পোড়ানোও চলছে

অবরোধের মধ্যে এভাবে গাড়ি পোড়ানোও চলছে

বিক্ষিপ্ত বোমাবাজি, গাড়ি পোড়ানোর মধ্যে চলা বিএনপি জোটের এই কর্মসূচিতে এই পর্যন্ত নাশকতায় প্রায় ১০০ মানুষ নিহত হয়েছে। অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাবে উদ্বেগ জানিয়ে আসছে ব্যবসায়ীসহ বিভিন্ন মহল।

বিএনপি তাদের দাবির বিষয়ে সংলাপের আহ্বান জানিয়ে এলেও সরকার তা নাকচ করে বলছে, হরতাল-অবরোধে যে সমস্যা তৈরি হয়েছে, তা আইনশৃঙ্খলার সঙ্কট, এটা প্রশাসন দমন করবে।

এর মধ্যেই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি বৈঠকে বসে, যাতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আমু।

সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অংশ নেন।

Image
আমির হোসেন আমু

আমির হোসেন আমু

আমু বলেন, “বর্তমানে নাশকতার নামে যে আন্দোলন চলছে, তা কোনো সরকার বা দলের বিরুদ্ধে নয়। এ আন্দোলন রাষ্ট্রের বিরুদ্ধে। আর একটি মহল চেষ্টা করছে এই আন্দোলনকে জিইয়ে রাখা যায় কিনা।”

নাশকতায় রোহিঙ্গাদের জড়ানোরও চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। তাই কোনো চক্রান্ত কাজে আসবে না।”

আমু পরিস্থিতি ‘অনেকটাই স্বাভাবিক’ দাবি করার পর সাংবাদিকরা জানতে চান, তাহলে রাতে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ এবং এসএসসি পরীক্ষা পেছানো হচ্ছে কেন?

এসএসসির বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, “এখানে প্রধানমন্ত্রী মাতৃসুলভ সিদ্ধান্ত নিয়েছেন। যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে, তাদের তো মানবিকতা বলতে কিছু নেই। তাই একজন পরীক্ষার্থীর যদি কিছু হয়, তার দায় কার ওপর পড়বে? তাই পরীক্ষা নেয়া হচ্ছে না।”

পরিবহনের বিষয়ে সাংবাদিকরা আবার প্রশ্ন করলে আমু কিছুটা রেগেই বলেন, “জিয়াউর রহমানের আমলে চার বছর কারফিউ ছিল। তখন যদি বলা হয় স্বাভাবিক, আর এখন রাত ৯টার পর বাস না চললে তাও অস্বাভাবিকতা নয়।”    

অন্যদিকে চলমান নাশকতা রোধে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার পর ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, “দেশের কোথাও অসন্তোষ নেই।

Image
মোহাম্মদ নাসিম

মোহাম্মদ নাসিম

“অসন্তোষ খালেদা জিয়ার মনে ও তার দোসর জামায়াত-শিবিরে। জনগণের শক্তি নিয়েই এদের মোকাবেলা করা হবে।”

খালেদা জিয়ার আন্দোলনের লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা বলে দাবি করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

নাগরিক সমাজের একাংশের পক্ষ থেকে সংলাপের আহ্বানের প্রতিক্রিয়ায় নাসিম বলেন, “সংলাপের কথা বলে ওরা সন্ত্রাসীদের রক্ষা করতে চায়।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম, অভিনেত্রী ফেরদৌসী প্রিয়ভাষিণী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সভায় ছিলেন।

পুরনো খবর:

‘অবরোধ হরতালে ক্ষতি ১ লাখ ২৭ হাজার কোটি টাকা’
‘পুড়ছে কৃষকের হাত’