২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে জখম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে মারপিট ও খুঁচিয়ে জখম করেছেন তার শিক্ষক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

আহত লিজা (৬) বিশ্বাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

শিক্ষার্থীদের মারধরের বিরুদ্ধে আইন থাকলেও দেশের বিভিন্ন স্থানে প্রায়ই এ জাতীয় ঘটনা ঘটতে দেখা যায়।

সম্প্রতি মাগুরায় এক ছাত্রীকে মারধর করায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আহত লিজার বাবা আব্দুল মালেক জানান, সোমবার স্কুলে পড়া না পারায় শিক্ষক মৌলভী ওয়াজেদ আলী তার মেয়েকে কাঠের কঞ্চি দিয়ে পেটাতে শুরু করেন।

এক পর্যায়ে কঞ্চিটি ভেঙে গেলে তিনি ভাঙা কঞ্চি দিয়ে সজোরে খোঁচা দেন। এতে কঞ্চিটির সামনের অংশ মেয়েটির বুকের পাঁজর ঘেঁষে কাঁধ ও বাহুর সন্ধিস্থলে গভীরে ঢুকে যায় এবং কঞ্চির অগ্রভাগ ভেঙে ভেতরে থেকে যায়।

পরে অস্ত্রোপচার করে ওই কঞ্চির টুকরা বের করা হয়।

মালেক আরও জানান, মঙ্গলবার দুপুরে ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে।

রায়গঞ্জের ইউএনও মো. ফিরোজ শাহ বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার ইয়াকুব হোসেন জানান, ইতোমধ্যেই ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।