সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে মাকড়শোনা গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়েটিকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আলামিন (২২) নামে এক যুবককে আটক করেছে। আলামিন উপজেলার সগুনা ইউনিয়নের দিঘীসগুনা গ্রামের খয়বর হোসেনের ছেলে।
ওই ছাত্রীর স্বজনদের বরাত দিয়ে তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, রাতে আলামিনসহ কয়েকজন যুবক মাকড়শোনা গ্রামের ওই ছাত্রীকে কৌশলে ডেকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।
এরপর তারা পার্শ্ববর্তী মাগুড়া বিনোদ গ্রামের একটি মাঠের মধ্যে মেয়েটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে পাশের একটি বাড়িতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে মেয়েটি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও বলেন, সংবাদ পেয়ে রাতেই অভিযান চালিয়ে আলামিনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
