২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতিতে নিজের হাত কেটে ভয় দেখানো, বৃদ্ধের মৃত্যু

রাজধানীর মোমেনবাগে ভোররাতে বাসায় হানা দিয়ে ডাকাতির জন্য ভয় দেখাতে একজনের নিজের হাত কাটার দৃশ্য দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 04:49 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

মঙ্গলবার ভোররাতে মোমেনবাগের মনোয়ারা প্যালেস নামের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে শাহজাহানপুর থানার পরিদর্শক মো. আবদুল মাবুদ জানান।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পারভেজ আহমেদ বৃদ্ধ বাবা-মা ও স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন।

এ ঘটনায় তার বাবা আবদুল জলিল মিয়া (৫৩) মারা গেছেন।

“মঙ্গলবার ভোররাতে বাসায় ২/৩ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এই সময় তাদের একজন নিজের হাত কেটে আবদুল জলিলকে ভয় দেখানের চেষ্টা করলে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান,” বলেন পরিদর্শক মাবুদ।

পারভেজ এ ঘটনায় কারো নাম উল্লেখ না করে শাহজাহানপুর থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।

মামলায় বলা হয়েছে, কয়েক যুবক পারভেজের ভাড়া বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে তার পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে নগদ প্রায় ১২ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বার্ণালংকার নিয়ে যায়।

এ ঘটনায় মোমেনবাগ এলাকা থেকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আবদুল মাবুদ জানান।