চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
অস্ত্র নিয়ে মহড়ার ছবি গণমাধ্যমে প্রকাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার সকালে ক্যাম্পাসের উত্তরদিকে নিজের বাসা থেকে এসএম আলাউদ্দিন এবং রেল স্টেশন এলাকা থেকে নাসিম সিয়ামকে গ্রেপ্তার করা হয়।
দুজনই ছাত্রলীগের শাটল ট্রেনভিত্তিক গ্রুপ সিএফসির কর্মী হিসেবে পরিচিত।
গ্রেপ্তার আলাউদ্দিন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। নাসিম লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
গত রোববার শাটল ট্রেনের বগিভিত্তিক ‘ভিএক্স’ গ্রুপের কর্মীদের সঙ্গে ‘সিএফসির’ কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
সে সময় ধারালো অস্ত্র নিয়ে সিয়ামের মহড়ার ছবি পরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
হাটহাজারী থানার এসআই হাবিবুর রহমান জানান, গত বছরের ২৮ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় আলাউদ্দিনের নাম রয়েছে।
ওই সময় অস্ত্রধারী আলাউদ্দিনের ছবিও প্রকাশিত হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে।
