‘আমাদের পুড়িয়ে মারা কেন?’
“আমার চোখের সামনে আমার স্বামী-সন্তান পুড়ে ছারখার হয়ে গেছে। যারা পেট্রোল বোমা মারছেন তাদের কাছে ১৬ কোটি সাধারণ জনগণের হয়ে মাফ চাচ্ছি। জনগণ কী অন্যায় করেছে? জনগণকে কেন পুড়িয়ে মারছেন? এভাবে মানুষ পুড়িয়ে মানুষের কল্যাণ করতে পারবেন না।”
এ কথাগুলো অবরোধের আগুনে পুড়ে নিহত যশোরের জাসদ নেতা নুরুজ্জামান পপলুর স্ত্রী মাফরুহা বেগমের। গত ৩ ফেব্রুয়ারি ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকামুখী বাসে অবরোধকারীদের পেট্রোল বোমায় নিহত আটজনের মধ্যে তাদের স্কুলপড়ুয়া মেয়ে মাইশাও ছিল। দগ্ধ হন মাফরুহা নিজেও।
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কথা বলেন মাফরুহা বেগমের মতো অবরোধের আগুন-বোমায় ক্ষতিগ্রস্ত কয়েকজন।
কক্সবাজারে সমুদ্র দেখে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে পথে আক্রান্ত হন নুরুজ্জামান পপলু ও তার স্ত্রী সন্তান।
হুইল চেয়ারে বসে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে কান্নাভেজা কণ্ঠে মাফরুহা বলেন, “আমি কী নিয়ে বাঁচব? আমার মাইশা আমার কোলে পুড়ে মরল। যারা পুড়িয়ে মারছে, তাদের ধরুন, তাদের শাস্তি দিন।”
স্বামীর পকেটে থাকা তসবিহ দেখিয়ে অবরোধকারীদের উদ্দেশে তিনি বলেন, “এইসব বন্ধ করুন। পেট্রোল বোমা মারা বন্ধ করুন। দেশকে, জনগণকে ভালোবাসতে শিখুন।”
গত ২৩ জানুয়ারি ঢাকার যাত্রাবাড়ীর কাঠেরপুলে বাসে পেট্রোল বোমা হামলায় বাদাম বিক্রেতা মোশারফ হোসেনের দুই হাত পুড়ে যায়। অনুষ্ঠানে তার কথায় ফুটে ওঠে সেই আগুনের ভয়াবহতা।
যাত্রাবাড়ীর ওই ঘটনায় মোশাররফ একাই পোড়েননি; পেট্রোল বোমায় মরেছে তার স্ত্রী-মেয়ে। ছেলেটাও পুড়েছে অবরোধকারীদের আগুনে।
“আমার মা ও ছোট বোন মারা গেছে। বাবার দুই হাত গেছে। এখন কিভাবে চলবে?,” জিজ্ঞাসা ১৪ বছর বয়সী সুমনের।
এসময় এই কিশোরকে কাছে ডেকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; পুরো অনুষ্ঠানে বার বার তাকে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে দেখা যায়। বক্তব্যের সময়ও তার কণ্ঠ ছিল বাষ্পরুদ্ধ।
মঞ্চে ছিলেন যাত্রাবাড়ীর ঘটনায় পুড়ে মারা যাওয়া নূর আলমের স্ত্রী চম্পা বেগম, এখনো ৩০ পেরোননি যিনি।
“আমার সব শেষ করে ফেলেছে। প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই। আগুনে পুড়ে মরার অনেক কষ্ট,” কাঁদতে কাঁদতে বলেন অকালে স্বামীহারা এই নারী।
রাজধানীর শ্যামলীতে গত ৭ ফেব্রুয়ারি হরতাল-অবরোধ সমর্থকদের ছোড়া হাতবোমায় মাথায় আঘাত পাওয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম মাওলা তুলে ধরেন তার ওপর হামলার ঘটনা। কোনো সংঘর্ষ বা বাদানুবাদ নয়, আকস্মিক এসে তার মাথা ও শরীরে একের পর বোমা ছোড়ে দুর্বৃত্তের দল।
বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে মঞ্চে উঠে আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “যে চিত্র আপনারা দেখলেন, তারপর আর বক্তব্য থাকে না।”
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ধর্মীয় জঙ্গিবাদের চেহারা তুলে ধরে তিনি বলেন, “এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে। এদের রুখে না দাঁড়ালে মানবসভ্যতা থাকবে না। আসুন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার মাটি থেকে তাদের উচ্ছেদ করি।”
মোশারফ, সুমন, চম্পা ও মাফরুহা ছাড়াও গত দেড় মাসের অবরোধে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের আগুন-বোমায় ক্ষতিগ্রস্ত অনেকে ছিলেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে ছিলেন বগুড়ার বারপুরায় ৪ জানুয়ারি গাড়িতে আগুনে গুরুতর আহত চালক মো. পটল মিয়া, পহেলা ফেব্রুয়ারি রংপুরের হল বন্দরে ট্রাকে আগুনে দগ্ধ ব্যবসায়ী রেজাউল করিম, যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমায় দগ্ধ ওসমান গণি, ১৩ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুরে পেট্রোল বোমায় দগ্ধ কভার্ডভ্যান চালক মিষ্টি মিয়া, ১০ জানুয়ারি ফার্মগেইটে যাত্রীবাহী বাসে আগুনে আহত অমূল্য চন্দ্র রায়, ২৪ জানুয়ারি যাত্রাবাড়ীতে পেট্রোল বোমায় দগ্ধ ছাত্র তানভীর, ২৩ জানুয়ারি ডেমরায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ ফার্মাসিস্ট ইয়াসিন আরাফাত সিদ্দিকী, ১১ জানুয়ারি কুমিল্লা-চাঁদপুর সড়কের বরুড়ায় পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক পেয়ার মিয়া এবং ১৪ জানুয়ারি রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় দগ্ধ মিনারা বেগম।
