২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে আরো সময় চায় কানাডা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চিন্তা-ভাবনার জন্য আরো সময় নিতে চায় কানাডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 11:05 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে দেশটির সরকারের এই মনোভাব জানিয়েছেন কানাডার তিন মন্ত্রী।

রাজধানী অটোয়ায় আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী ক্রিস্টিন হগ্যান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারীমন্ত্রী সুজান গ্রেগসন ও জ্যেষ্ঠ সহযোগী উপমন্ত্রী পিটার এম বয়েহমের সঙ্গে বৈঠকে মিলিত হন শহীদুল হক।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, “একটি জাতির স্থপতিকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তারা মানবতার শত্রু এবং একটি স্বাধীন জাতিগোষ্ঠীর শত্রু। তাই নূর চৌধুরীকে বাংলাদেশের আইনের হাতে সোপর্দ করা জরুরি। কানাডার মন্ত্রীরা এ ব্যাপারে আরো চিন্তা-ভাবনা করতে সময় চেয়েছেন।”

কানাডার মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান শহীদুল হক।

“কানাডার মন্ত্রীরা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেছেন, গণতান্ত্রিক সরকারের সঙ্গে কানাডা সবসময় সহায়তামূলক মনোভাব নিয়ে কাজ করে,” বলেন তিনি।

নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরাতে আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণের জন্যে বাংলাদেশ একজন আইনজীবী নিয়োগ করেছে বলে জানান সচিব।

বিশেষজ্ঞ এই আইনজীবীর সঙ্গে কানাডার আইন সম্পর্কে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব।

যুক্তরাষ্ট্র থেকে কানাডা যাওয়ার আগে নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন পররাষ্ট্র সচিব। এছাড়া জাতিসংঘ সদরদপ্তরে অভিবাসন সম্পর্কিত এক বৈঠকেও অংশ নেন তিনি।

শহীদুল হকের মঙ্গলবার অটোয়া থেকে ওয়াশিংটনে ফেরার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।