‘তারানকোর ঢাকা সফরের সিদ্ধান্ত হয়নি’
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সমঝোতার জন্য মধ্যস্থতায় জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফারনান্দেজ তারানকো ঢাকা আসছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর এলেও এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র এরি কানেকো সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেনও মহাসচিবের বিশেষ দূত হিসাবে তারানকোর ঢাকা সফর সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
গত বুধবার জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানিতে সংস্থার পক্ষ থেকে উদ্বেগের কথা জানান।
ওই সময় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানান, মহাসচিব বান কি মুন সাবেক সহকারী মহাসচিব (রাজনীতি বিষয়ক) অস্কার ফারনান্দেজ-তারানকোকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের জন্য দায়িত্ব দিয়েছেন।
ওইদিনই যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে তারানকোর বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন ডুজারিক।
এরপরই তারানকো বাংলাদেশে আসতে পারেন বলে কয়েক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে দুই দফা ঢাকা সফর করে সরকার ও বিরোধীদের মধ্যে সংলাপ আয়োজনের তাগাদা দিয়ে গিয়েছিলেন তারানকো। আগের অভিজ্ঞতার জন্যই তাকে এবারও দায়িত্ব দেওয়া হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।
এসব প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই তারানকো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশের বিভিন্ন মহল এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেনের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন।
তবে বাংলাদেশ সফরের বিষয়ে তারানকোর সঙ্গে কোনো কথা হয়নি বলে রাষ্ট্রদূত মোমেন জানান।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার কোনো কোনো দৈনিক এবং ওয়েব পোর্টালে সংবাদ বেরিয়েছিল, শিগগিরই তারানকো ঢাকা যাচ্ছেন। আমি নাকি সময় দিচ্ছি না সরকারি পক্ষের সঙ্গে আলোচনার জন্যে। এটি ডাহা মিথ্যা।”
রাষ্ট্রদূত মোমেন বলেন, “হরতাল-অবরোধের নামে বাংলাদেশে এখন যা হচ্ছে তাকে ‘পিওর টেররিজম’ হিসেবে সবাই বিবেচনা করছে এবং বিষয়গুলোকে সেভাবেই সামাল দিতে আগ্রহী আন্তর্জাতিক মহল। কেউ কেউ একে আইএসের (ইসলামিক স্টেট) পরিপূরক কর্মকাণ্ড হিসেবে মনে করছেন।”
বিএনপি ও তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামী সমর্থিত গণমাধ্যমগুলো সরকারের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে অভিযোগ করে মোমেন বলেন, “বাংলাদেশ নিয়ে যারা ভাবেন এবং কাজ করেন তারা ওদের মিথ্যাচারে বিভ্রান্ত হচ্ছে না। এখন পর্যন্ত সবাই গণতান্ত্রিক এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশের ব্যাপারে সরকারের যে সংকল্প- তাকেই সাপোর্ট দিচ্ছেন।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমাবাজির ঘটনা ঘটছে। নাশকতার এসব ঘটনায় এরইমধ্যে প্রাণ হারিয়েছে ৮০ জনেরও বেশি মানুষ।
সরকারও নাশকতা দমনে কঠোর অবস্থান নিয়েছে। গ্রেপ্তার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা।
এর মধ্যেই অবশ্য সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, সংকট নিরসনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংলাপ আয়োজনে জাতিসংঘের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবেন তারা।
