ফেনীতে অস্ত্রসহ যুবক আটক
ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় এক যুবককে পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ, যিনি ছাত্রলীগের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।
দাগনভূঁইয়া থানার ওসি আবুল ফয়সাল জানান, সোমবার রাতে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ কাওসার (২৫) নামে এজনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার হয়।
কাওসার উপজেলার আজিজ ফাজিল পুর এলাকার বাসিন্দা।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।
কাওসার ছাত্রলীগ কর্মী বলে ওই এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের এক নেতা বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক একরাম উল্লাহর পক্ষে সক্রিয় ছিলেন কাওসার।
