অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি ঠেকাবে জাবি শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুত্তীর্ণ পোষ্যদের সুবিধা দিয়ে ভর্তি করা হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইন্দ্রজিৎ ভৌমিক।
তিনি বলেন, “প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যতজন পোষ্য পাশ করবে তাদের সবাই ভর্তির সুযোগ পাবে। কিন্তু হাস্যকর বিষয় হলো- প্রায় প্রতিবছর ভর্তি পরীক্ষায় পোষ্যদের একটি বড় অংশ পাশ নম্বর ৩৫ পায় না। অনেকের আবার ন্যূনতম ভর্তি ফরম নেওয়ারও যোগ্যতা থাকে না।
“প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় যেখানে উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না, সেখানে অনুত্তীর্ণ পোষ্য ভর্তি করা মেধাবীদের জন্য চপেটাঘাত।”
বিশ্ববিদ্যালয়ে প্রচলিত সাতটি কোটার মধ্যে অন্য ছয়টি কোটার আসন সংখ্যা নির্দিষ্ট থাকলেও পোষ্য কোটার জন্য আসন সংখ্যা নির্দিষ্ট নেই।
শিক্ষার্থীদের জানান, চলতি শিক্ষাবর্ষে পোষ্য কোটা থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৩৯ জনের মধ্যে মাত্র ৪০ উত্তীর্ণ হয়েছে।
তাদের অভিযোগ, বাকি ৯৬ জন অনুত্তীর্ণ পোষ্যকে ১০ নম্বর গ্রেস দিয়ে ভর্তির জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করছে কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন।
ইন্দ্রজিৎ বলেন, “এভাবে মেধাকে অবমূল্যায়ন করে অযোগ্যদের ভর্তি করা হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান যে নিম্নগামী হবে তা বলাই বাহুল্য।”
আরেক শিক্ষার্থী শাওন বলেন, “অনুত্তীর্ণ পোষ্যদের গ্রেস দিয়ে ভর্তি করলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।
“বিশ্ববিদ্যালয় প্রশসনের কাছে আমরা ‘অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি না করা’ ও ‘মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য কোটার সঙ্গে সামঞ্জস্য রেখে পোষ্য কোটার আসন নির্ধারণ’ করার দাবি জানাচ্ছি।”
রোববার একদল কর্মকর্তা-কর্মচারী সমাবেশ করে ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তির দাবি জানায়। সোমবারের মধ্যে তাদের ভর্তি করা না হলে মঙ্গল ও বুধবার কর্মবিরতির ঘোষণা দেন তারা।
