নারায়ণগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জে রেলওয়ে স্টেশনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেনের দুটি বগিতে আগুন দেওয়ার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।
রোববার গভীর রাতে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ২০/২৫ জন দুস্কৃতকারীকে আসামি করে এ মামলা করেন।
তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
রোববার রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ২৩৮ ডাউন ট্রেন নারায়ণগঞ্জ স্টেশনে এলে যাত্রীরা নেমে যাওয়ার পর দুটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসকর্মীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোলাম মোস্তফা বলেন, ট্রেনের বগিতে আগুন দেওয়ায় রোববার রাত ১১টা ৫ মিনিটের ট্রেনটি রাত ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
“ট্রেনের বগিতে আগুন দেয়ার ঘটনায় আমি বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ২০/২৫ জন দুস্কৃতকারীকে আসামি করে কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছি,” বলেন মোস্তফা।
