২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রেনে আগুন

বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ট্রেনের দুটি বগি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 01:21 AM

Updated : 12 Oct 2022, 03:17 PM

রোববার রাত সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, রাত সোয়া ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ২৩৮ ডাউন ট্রেন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় আসে। যাত্রীরা নেমে গেলে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই বগিটি পুড়ে যায়।

তাৎক্ষণিক পাশের অপর একটি বগিতেও আগুন ছড়িয়ে পড়ে।

রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে রাত ১০টা ৫০মিনিটে নারায়ণগঞ্জ স্টেশনে এসে থামে। রাত ১১টা ৫ মিনিটে যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

“কিন্তু ওই সময়ে দুটি বগিতে আগুন দেওয়া হয়। তল্লাশি শেষে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মোমতাজউদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রেনের দুটি বগির সিট সব পুড়ে গেছে। তবে বগির অবকাঠামোর কোন ক্ষতি হয়নি।

এ ঘটনায় কেউ আহত হননি বলেও নিশ্চিত করেছেন তিনি।