২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনা: আশরাফ

মহাখালী বাস টার্মিনালটি তুরাগ নদের পাড়ে স্থানান্তরে সম্ভাব্যতা যাচাই কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 08:45 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।

এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুর ব্রিজের অপর প্রান্তে স্থানান্তরের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মহাখালী (তেজগাঁও নাবিস্কো) বাস টার্মিনালটি টঙ্গীর নিকটতম স্থানে (তুরাগ পাড়ে) স্থানান্তরের পরিকল্পনা রয়েছে এবং এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন রাজধানীর রায়ের বাজার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন কবরস্থান দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ কবরস্থান, যেখানে লক্ষাধিক কবরের সংস্থান রয়েছে। এ কবরস্থান প্রকল্পের প্রকল্প ব্যয় ৫৪৪ কোটি ৩৬ লাখ টাকা এবং এ বছরের জুনের মধ্যে শেষ হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, শহর এলাকায় পাবলিক টয়লেটের সংখ্যা চাহিদার তুলনায় অপ্রতুল এবং বিদ্যমান অনেক পাবলিক টয়লেট ব্যবহার অনুপযোগী। এছাড়া দুর্বল ব্যবস্থাপনা ও কারিগরি সীমাবদ্ধতার কারণে এগুলো নারী ও প্রতিবন্ধিবান্ধব নয়।

“এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকা শহরে স্যানিটেশন চাহিদা মেটানো এবং সামগ্রিক জনস্বাস্থ্যের উন্নতিকল্পে নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে।”

তিনি জানান, ঢাকা শহরে পাবলিক টয়লেটগুলো মেরামত, পুন:নির্মাণ ও সম্ভাব্য নতুন স্থলে নতুন টয়লেট নির্মাণের জন্য ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা ও বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের সাথে সমঝতো স্বাক্ষর হয়েছে। বর্তমানে ঢাকা শহরে আরও ৩০টি অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণকাজ চলছে।

বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।