গাইবান্ধায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত হওয়ার দুইদিন পর চিকিৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন।
ওই সংঘর্ষে জড়িত অভিযোগে সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত সিরাজুল ইসলাম পণ্ডিত (৪৫) হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের কাবাজ উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, শুক্রবার বড়দহ গ্রামে সংঘর্ষে আহত হওয়ার পর বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সিরাজুল। রোববার গভীর রাতে তার মৃত্যু হয়।
গ্রেপ্তাররা হলেন বড়দহ গ্রামের খয়বর আলীর ছেলে সাইদুর রহমান (৪৫), সোবহান আলীর ছেলে দুই ছেলে রেজাউল করিম (৩৫) ও রাজা মিয়া (২০)।
ওসি জাহিদুল জানান, সিরাজুলের সঙ্গে প্রতিবেশী সাইদুর রহমান গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে সিরাজুলসহ উভয় পক্ষের সাতজন আহত হন।
এ ঘটনায় সিরাজুলের ফুফা শরিফুল ইসলাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১০ জনকে আসামি করে রোববার রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে জানান ওসি জাহিদুল।
মামলার পর ঘটনায় জড়িত অভিযোগে সোমবার সকালে তিনজনকে গ্রেপ্তার করার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।
