বগুড়ায় বাসে আগুন, সাবেক কমিশনার আটক
বিএনপি জোটের লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে বগুড়া বাসস্ট্যান্ডে পরপর সাতটি হাতবোমা ফাটিয়ে একটি দূরপাল্লার বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার ভোর ৬টার দিকে ঠনঠনিয়া কোচস্ট্যান্ডে এ ঘটনার পর ওই এলাকার সাবেক পৌর কমিশনার ও বিএনপি সমর্থক জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গাজিউর রহমান জানান, সকালে ঢাকা-বগুড়া রুটে চলাচলকারী বাবলু পরিবহনের বাসটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
“দুর্বৃত্তরা পরপর সাতটি হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ওই বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়। ভোরে ঢাকা থেকে আসা বাসটি যাত্রী নামিয়ে স্ট্যান্ডে অপেক্ষা করছিল।”
খবর পেয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে এসে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভায় বলে গাজিউর রহমান জানান।
