২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম সাক্ষাতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রাখতে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানিয়েছেন মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

অন্যদিকে প্রধানমন্ত্রী ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতকে বলেছেন, তার সরকারও গণতন্ত্র রক্ষায় সক্রিয় রয়েছে।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে আসা বার্নিকাট রোববার সন্ধ্যায় সংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

সংসদ নেতার কার্যালয়ে তাদের বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমেরিকার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেছেন, তারা বাংলাদেশের গণতন্ত্রকে মূল্যায়ন করেন। তারা আমাদের দেশে গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ এবং গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে চান।

“প্রধানমন্ত্রী এসময় বলেন, তার সরকার গণতন্ত্র রক্ষায় সকল পদক্ষেপ নেবে।”

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের ভূমিকার প্রশংসাও করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের প্রশংসা করে তিনি তার দেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা স্বীকার করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সত্যিকার অর্থে অংশীদারিত্ব রয়েছে উল্লেখ করে বার্নিকাট বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।

নারী ক্ষমতায়ন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও প্রেসসচিব জানান।

প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তাকে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বার্নিকাট সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন।

বার্নিকাটের আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক সেনগেন ফন।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ জোরদার সম্পর্ক চান বার্নিকাট