২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সাজা খেটে গেলেন ৩ ভারতীয়

অবৈধ অনুপ্রবেশের দায়ে সাত মাসের কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার দর্শনা সীমান্ত দিয়ে তাদের বিএসএফের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের এসআই মাহবুবুর রহমান।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার বাসিন্দা আবের মল্লিক (৬০), আশুতোষ মল্লিক (৪৫) ও হাফিজ মল্লিক (২৮)।

এসআই মাহবুবুর রহমান জানান, ২০১৪ সালের ৭ অগাস্ট আত্মীয়বাড়িতে বেড়াতে চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এই তিন ভারতীয় বিজিবি সদস্যদের হাতে ধরা পড়েন। 

বিজিবি তাদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করে পুলিশে হস্তান্তর করে। এরপর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এ তিনজনের কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত।

চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজার মেয়াদ শেষ হলে রোববার দুপুরে দর্শনা চেকপোস্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিজিবি।

এ সময় বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার কাজী রবিউল আউয়াল, হাবিলদার নাসির উদ্দিন, বিএসএফের গেঁদে কোম্পানি কমান্ডার আর কে বোরাহ্, গেঁদে ইমগ্রেশন অফিসার এইচবি সিং এবং ভারতের কেষ্টগঞ্জ থানার পুলিশ সদস্য সুব্রত দাস উপস্থিত ছিলেন।