২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ

পাবনা সদরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 06:26 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

রোববার ভোরে উপজেলার হেমায়েতপুর জেলেপাড়ায় দগ্ধ হন মুক্তি খাতুন (৩২)। দুপুরে পাবনা থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুক্তি ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী এবং পাবনা শহরের নারায়ণপুর মহল্লার মৃত মনসুর আলীর মেয়ে। তার দুই সন্তান পরশ (৬) ও আরশ (৪)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭/৮ বছর আগে মুক্তি খাতুনের সঙ্গে জসিমের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই ছোটখাট বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়।

মাঝেমধ্যে দুই দেবর মোহাম্মদ ও মোহাব্বতসহ শাশুড়ি জোসনা খাতুন তাকে মারধর করতেন। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকও হয়।

জাহাঙ্গীর আরও বলেন, রোববার ভোরে শাশুড়ি ও দেবররা মিলে হাত-পা ও মুখ বেঁধে মুক্তির গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

মুক্তির চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেন।

সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মুক্তির শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, তদন্ত চলছে।

তবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে বলে জানান ওসি।