পিকনিকের বাস উল্টে নিহতদের স্মরণ বেনাপোলে
পিকনিকের বাস পুকুরে পড়ে নয় শিশু শিক্ষার্থীর মৃত্যুর দিনটিকে স্মরণ করেছেন আত্মীয়-স্বজনসহ বেনাপোলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি শার্শা উপজেলার বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের বাস মেহেরপুর থেকে ফেরার পথে চৌগাছা উপজেলায় এলে উল্টে পুকুরে পড়ে যায়।
এতে ওইদিনই সাত শিক্ষার্থীর মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় পরে আরও দুই শিশুর মৃত্যু হয়। নিহত নয় শিক্ষার্থীর সাত জনের বাড়ি বেনাপোলের ছোটআচড়া গ্রামে।
রোববার সকাল ১১টা ১৫ মিনিটে নিহত শিশুদের স্মৃতি রক্ষার্থে বেনাপোল পৌরসভার উদ্যোগে বিদ্যালয়ের সামনে নির্মিত ‘স্মৃতিস্তম্ভের’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক হুমাউন কবীর।
পরে স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে নিহত শিশুদের স্মরণ করেন।
এছাড়া ওই বিদ্যালয়ের মাঠে তাদের স্মরণে আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়।
বেনাপোল পৌরসভা বিদ্যালয়ের মাঠে সকাল থেকেই কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করে।
বেনাপোল পৌরসভার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, পেশাজীবী সংগঠনের সদস্য, শ্রমজীবী মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ওই কর্মসূচিতে অংশ নেন।
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনজুর রহমান বলেন, বেনাপোল পৌরসভা মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে স্মরণসভায় জেলা প্রশাসক হুমাউন করীর, শার্শার ইউএনও এটিএম শরিফুল আলেম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারি বক্তব্য রাখেন।
নিহত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনরা স্মরণসভায় উপস্থিত হওয়ার পর হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। ওই সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী শিশুরা বন্ধুদের বাবা-মাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন জানান, ওই দুর্ঘটনায় নিহত হয়েছিল পৌরসভার ছোটআচড়া গ্রামের সৈয়দ আলির দুই মেয়ে পঞ্চম শ্রেণির সুরাইয়া আফরিন ও তৃতীয় শ্রেণির জেবাইয়া আফরিন, একই গ্রামের লোকমান আলির ছেলে পঞ্চম শ্রেণির শান্ত, ইউনূস আলির মেয়ে পঞ্চম শ্রেণির মিথিলা, কালুমিয়ার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী রুনা, গাজিপুরের সেকেন্দার আলি ছেলে চতুর্থ শ্রেণির সাব্বির হোসেন, নামাজ গ্রামের হাসান আলির মেয়ে পঞ্চম শ্রেণির আখি।
ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২ ফেব্রুয়ারি ছোটআচড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র একরামুল ও ১৯ মার্চ একই গ্রামের ইমানুর রহমানের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র ইয়ানুরের মৃত্যু হয়।
