২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গুলিবিদ্ধ শিবিরনেতার মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পুলিশের গুলিতে আহত ইসলামী ছাত্রশিবিরের নেতা মতিয়ার রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 03:09 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোববার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয় বলে শেরেবাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস জানিয়েছেন।

তিনি বলেন, নাশকতার তিনটি মামলার এক আসামির জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার তথ্য তিনি চিরিরবন্দর থানার ওসির কাছ থেকে পেয়েছিলেন।

“আজ হাসপাতালের চিকিৎসকরা ওই আসামির মৃত্যুর কথা আমাকে জানিয়েছেন।”

দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিনও শিবির নেতা মতিয়ারের মৃত্যুর খবর জানিয়েছেন।

গত শনিবার রাতে রানীরবন্দর বাজার থেকে নাশকতার মামলার আসামি জামায়াত নেতা খোদা বক্সকে গ্রেপ্তারের পর তার সমর্থকরা গোয়েন্দা পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

সে সময় পুলিশ গুলি চালালে হাতে-পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মতিয়ার পুলিশের হাতে ধরা পড়েন। প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

মতিয়ার শিবিরের রানীরবন্দর এলাকার সভাপতি ছিলেন।

তিনি চিরিরবন্দরের দক্ষিণ নসরতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।