দগ্ধদের জন্য বার্ন ইউনিট চালু বঙ্গবন্ধু মেডিকেলে
বিএনপি-জামায়াত জোটের অবরোধে গাড়িতে আগুন-পেট্রোল বোমায় একের পর এক মানুষ দগ্ধ হওয়ার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হয়েছে।
হাসপাতালের কেবিন ব্লকের নিচতলায় রোববার সকালে এ ইউনিট উদ্বোধন করেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।
তিনি বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে অগ্নিদগ্ধ রোগীদের সেবার জন্য প্রাথমিকভাবে ১০টি শয্যা নিয়ে এ ইউনিট চালু করা হয়েছে। বেশি রোগী আসলে সে অনুযায়ী শয্যার সংখ্যাও বাড়ানো হবে।
বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান তিনি।
উপাচার্য বলেন, “অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সব সময় নিয়োজিত থাকবেন। এই চিকিৎসক দল তিন পালায় রোগীদের চিকিৎসা সেবা দেবেন।”
এছাড়া এ ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত নার্স ও কর্মচারী থাকবেন বলে জানান তিনি।
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চালিয়ে আসছে বিএনপি-জামায়াত জোট। অবরোধে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কয়েকশ মানুষ।
চলমান সহিংসতায় দগ্ধদের সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটসহ দেশের অন্য হাসপাতালগুলো রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। এ পর্যন্ত শতাধিক রোগী শুধু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেই চিকিৎসা নিতে এসেছেন।
বঙ্গবন্ধু মেডিকেলের আগে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল এবং নারায়ণগঞ্জের দুই হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএসএমএমইউ’র উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক শহীদুল্লাহ সিকদার, উপউপাচার্য (শিক্ষা) রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ জুলফিকার রহমান খান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
