২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যানবাহনে আগুন, ২ বিএনপিকর্মীকে গণপিটুনি

বিএনপি জোটের অবরোধের মধ্যে লক্ষ্মীপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাকসহ চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 10:42 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শনিবার রাত ৭টার দিকে সদর উপজেলার পোদ্দারবাজার-জকসিন সড়কের মহেশপুর ব্রিজ ও দত্তপাড়া ইউনিয়নের বড় আমগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রায় একই সময়ে জেলা শহরে হাতবোমা ফাটনোর সময় দুই বিএনপিকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। তাদের বাড়ি সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহেশপুর ব্রিজ এলাকায় ৪/৫ জন অস্ত্রধারী ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা একটি সিএনজিচালিত অটোরিকশা ও সিমেন্টবোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এর কিছুক্ষণ পর একইভাবে আমগাছতলা এলাকায় একটি অটোরিকশা ও একটি টেম্পুতে আগুন দেয় তারা।

সহকারী পুলিশ সুপার আরও জানান, শহরের উত্তর তেমুহনী এলাকায় হাতবোমা ফাটানোর সময় শাকিব ও মনির নামে দুই বিএনপিকর্মীকে আটক গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।