চট্টগ্রাম চুরি যাওয়া শিশু কুমিল্লায় উদ্ধার
চট্টগ্রাম নগরী থেকে চুরি যাওয়া এক শিশুকে আট দিন পর কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার কানাইয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ।
এরা হলেন- আব্দুস সালাম (৪৯), নাসির (২৮) ও শোভা দে (৩২)।
উদ্ধারকৃত নয় মাস বয়সী শিশু আরিয়ান ফেরদৌস চান্দগাঁও থানার খাজা রোডের বাসিন্দা মো. আরজুর ছেলে।
চান্দগাঁও থানার এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৭ ফেব্রুয়ারি বাসার কাজের মেয়ে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে আরিয়ানকে চুরি করে নিয়ে যায়। শিশুটির বাবা চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এসআই নুরুল বলেন, নগরীর মোহরা থেকে কাজের মেয়েটির পূর্ব পরিচিত সালামকে এবং পর্যায়ক্রমে অন্যদের আটক করে।
“পরে তাদের স্বীকারোক্তি মতে লাঙ্গলকোট উপজেলার কানাইয়া গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।”
তিনি জানান, চুরি করার পর শিশুটিকে গ্রেপ্তারকৃতদের সহায়তায় কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায় এক দম্পতির কাছে ৯০ হাজার টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হয়।
পুলিশের অভিযানের শিশুটিকে বাড়িতে রেখে ওই দম্পতি সটকে পড়ে বলে জানান তিনি।
এদিকে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হলেও কাজের মেয়েটিকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
