২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতাকারী ধরে পুরস্কার পেলেন ২৫ পুলিশ

বিএনপি-জামায়াত জোটের অবরোধে নাশকতাকারীদের হাতেনাতে ধরায় ২৫ পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শনিবার বিকেলে পুলিশ সদরদপ্তরে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কনস্টেবলদের হাতে পুরস্কার হিসেবে মোট পাঁচ লাখ টাকা তুলে দেন আইজিপি এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, “পুলিশ নিজের জীবন বাজি রেখে দিনরাত দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এখানে ভালো কাজের জন্য পুরষ্কার ও খারাপ কাজের জন্য তিরস্কার পাবার ব্যবস্থা আছে।

“যেসব পুলিশ সদস্য অবরোধ-হরতালে নাশকতাকারীদের ধরতে সক্ষম হয়েছে তাদের পুরস্কার দেওয়া হয়েছে।”

অবরোধে নাশকতাকারীদের ধরতে পুলিশের অভিযানে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ নাকচ করেছেন পুলিশের মহাপরিদর্শক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্টভাবে করা হয় না, ঢালাওভাবে অভিযোগ করা হয়। সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার অধিকাংশই বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী বলে জানান তিনি।

জনগণের সহযোগিতা নিয়ে পুলিশ নাশকতাকারীদের চিহ্নিত করতে কাজ করবে বলেও  আশা প্রকাশ করেন পুলিশ প্রধান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।