২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অটোরিকশা ভাংচুর, চালককে পিটিয়ে আহত

বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধের মধ্যে নোয়াখালীতে অটোরিকশা ভাংচুরের পর চালককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শনিবার সকালে শহরে এ ঘটনায় আহত সোহেলকে (৪৫) নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী বলেন,  সোহেলের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

সোহেল বলেন, “সকাল ৬টার দিকে যাত্রী নিয়ে মাইজদী থেকে সোনাপুর যাচ্ছিলাম।পথে ৪/৫ জন দুর্বৃত্ত গতিরোধ করে যাত্রীদেকে নামিয়ে দিয়ে অটোরিকশায় ভাংচুর চালায়।

এ সময় হামলাকারীরা আমাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।” 

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ সোহেলকে দেখতে হাসপাতালে যায়।

হামলাকারীদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।