হরতালে মার্কেট খোলা রাখবেন সিলেটের ব্যবসায়ীরা
বিএনপি জোটের হরতাল-অবরোধে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা।
শনিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্য সচিব নাজমুল হক বলেন, “টানা হরতাল-অবরোধের কারণে ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকে ব্যাংক ঋণের দায়ে পথে বসতে শুরু করেছেন।
“এ অবস্থায় ব্যবসায়ীরা হরতাল-অবরোধের দিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।”
মার্কেট খোলা রাখার সময় নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
আলোচনার মাধ্যমে চলমান সংকট কাটাতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। অবরোধের মধ্যেই রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে হরতালের ডাক দিয়েছে তারা।
গত দুই সপ্তাহেও প্রথমে রবি থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দল, যা পরে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক চন্দন সাহা, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, আব্দুর রকিক শিকদার, আলা উদ্দিন আলো, আক্তার হোসেন সোহেল, যুগ্ম সচিব আব্দুর রহমান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
