বাসে পেট্রোল বোমা: বিএনপিকর্মীর জবানবন্দি
ফেনীর দাগনভূঁইয়ায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার বিএনপিকর্মী নাছির আদালতে জবানবন্দি দিয়েছেন।
ফেনী আদালত পরিদর্শক আবু জাফর মো. সালেহ জানান, শুক্রবার বিকালে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিন এ জবানবন্দি গ্রহণ করেন।
দাগনভূইয়া থানার ওসি আবুল ফয়সাল জানান, গত ১০ ফেব্রুয়ারি রাতে দাগনভূঁইয়ার আমিরগাঁও এলাকা থেকে নোয়াখালীর বসুরহাট যাওয়ার পথে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা করে।
এতে এক নারীসহ ৭ জন দগ্ধ ও দুইজন আহত হয়।
ঘটনার পরদিন একই থানার এএসআই আবদুল কাদের বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ বিএনপিকর্মী নাছিরসহ (২৬) তিন জনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ওসি আবুল ফয়সাল।
