‘বার্ন ইউনিটের আর্তনাদ খালেদার কানে পৌঁছে না’
বার্ন ইউনিটে চিকিৎসাধীন পেট্রোল বোমায় দগ্ধ মানুষের আর্তনাদ খালেদা জিয়ার কানে পৌঁছছে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার বিকালে বগুড়ায় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিকদের এক প্রতিনিধি সমাবেশে তিনি একথা বলেন।
শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের প্রতিপক্ষ বানিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে।
“বার্ন ইউনিটের আর্তনাদ তার কানে যাচ্ছে না। সাধারণ মানুষের আর্তনাদ বুঝলে তিনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধে ব্যবস্থা নিতেন।”
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের এই নাশকতা জনগণ কখনওই মেনে নেবে না। নাশকতার বিরুদ্ধে এখন পরিবহন মালিক-শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছেন।
চলমান সহিংসতায় এ পর্যন্ত ৬১ জন পরিবহন শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।
বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে বগুড়া জেলা মটর মালিক গ্রুপ আয়োজিত এই সমাবেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় সভাপতি আব্দুল লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।
