২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বইমেলা শুরু

বন্দর নগরীর মুসলিম ইনস্টিটিউট হল চত্বরে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত ১০ দিনের বইমেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 08:09 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শুক্রবার বিকালে বইমেলার উদ্বোধন করেন সিটি মেয়র মনজুর আলম।

উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মনজুর বলেন, সুস্থ ও সুন্দর নগরী গড়ে তুলতে দরকার সুস্থ ও সুন্দর মনের মানুষ।সুস্থ ও সুন্দর মনের মানুষ হওয়ার একমাত্র শর্ত হচ্ছে বই পড়া।  

মেয়র নগরবাসীকে বই কেনার অভ্যাস গড়ে তুলতে আহবান জানান।

এবারের বইমেলায় নন্দন, বাতিঘর, চট্টগ্রাম সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি, শৈলী প্রকাশন, বলাকা প্রকাশন, বাংলাদেশ শিশু একাডেমী, প্রথমাসহ ২৮টি প্রকাশনী সংস্থার ৩৭ টি স্টল অংশ নিচ্ছে।

এছাড়াও মেলা চলাকালীন সময়ে প্রতিদিন বিকালে আলোচনা সভা, আবৃত্তি, নাটক, গান ও কবিগানের আয়োজনও থাকবে বলে আয়োজক সংস্থা চসিক জানিয়েছে।

২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে ১০ জন গুণী ও পাঁচজন সাহিত্যিককে পদক ও সম্মাননা প্রদান করা হবে মেলা প্রাঙ্গণের অনুষ্ঠান মঞ্চে। মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।