২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 06:52 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শুক্রবার সকালে উপজেলার চর খাগরিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সংঘর্ষে আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি নেওয়া হলে দুপুর একটা দিকে সাবের হোসেন (৩০) নামে একজনের মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, ওই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মুসা ও বাদশার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় চরখাগরিয়া বাজারে বাদশা গ্রুপের লোকজন মুসা গ্রুপের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

“ভাঙচুরের রেশ ধরে শুক্রবার সকাল ৯টার দিকে মুসার পক্ষের লোকজন বাদশার বাড়িতে হামলা চালায় এবং বসতঘরে আগুন দেয়।”

সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে বলেও জানান ওসি।