২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়িয়ে পুনিয়াউটে এই দুর্ঘটনায় অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছে বলে পুলিশ জানায়।

তবে স্টেশন এলাকায় বিকল্প লাইন থাকায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকাল ৪টা ২৫চিশ মিনিটে চট্টলা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়। কিছুক্ষণ পরেই পুনিয়াউট এলাকায় ইঞ্জিনসহ ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়।

“এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচ জন আহত হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।”

স্টেশনকে কেন্দ্র করে দুটি লাইন থাকায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন না হলেও স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে বলে জানান তিনি।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মহসিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হচ্ছে।”

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) বিভাগীয় ব্যবস্থাপক কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

“ঘটনা তদন্তে সহকারী পরিবহন কর্মকর্তা মজিবুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”