নোয়াখালীতে পিটুনিতে যুবক নিহত
নোয়াখালীর সদরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন একজন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার ভোরে নোয়ান্নাই ইউনিয়নের করিমপুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিশান (২৭) বেগমগঞ্জ উপজেলার রহিম মহরারের ছেলে। জেলা শহরের মাইজদীতে সিনেমা হলের পিছনের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
আহত মাইন উদ্দিনকে পুলিশ পাহারায় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাড়ি আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি জানান, ভোররাতে অটোরিকশা করে দুই যাত্রী নোয়ান্নাই ইউনিয়নের বাঁধেরহাট-ওদারহাট সড়ক দিয়ে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশায় তিন যুবক এসে তাদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে।
এ সময় যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে নিশান ও মাঈন উদ্দিনকে আটকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নিশান মারা যান বলে জানান তিনি।
