২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাসে বোমা হামলা: এক আসামি গ্রেপ্তার

অবরোধে এক সপ্তাহ আগে গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 08:19 AM

Updated : 22 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার রাতে রংপুর শহরের বিনোদপুর এলাকা থেকে আব্দুর রউফকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

রউফ গাইবান্ধার পলাশবাড়ী আর্দশ ডিগ্রি কলেজের শিক্ষক এবং স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রাত ১২টার দিকে বিনোদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রউফ হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি।

গত ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে আট জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।

ঘটনায় পরদিন পলাশবাড়ী থানার সহকারী পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।