রাজধানীতে হাতবোমায় আহত ৭
বিএনপি জোটের অবরোধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ধানমণ্ডিতে হাতবোমা বিস্ফোরণে দুই নারীসহ সাতজন আহত হয়েছেন।
আহতরা হলেন, রিকশাচালক শাফি আহমেদ, মিন্টু মিয়া, রিকশারোহী নুরুল আমিন, চায়ের দোকানি সোহেল, অটোরিকশা যাত্রী মোশারফ হোসেন মোহন তার বোন সুলতানা পপি ও খালা শাহিনা বেগম।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে তারা হাতবোমা নিক্ষেপের শিকার হন।
এর মধ্যে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের সড়কে হাতবোমা বিস্ফোরণে আহত হন শাফি, দোয়েত্ব চত্বরের সামনে মিন্টু মিয়া ও নুরুল আমিন এবং টিএসসিতে সোহেল হাত বোমায় আহত হন।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছেন।”
আহত পপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, রাত ৮টার দিকে ভাই মোহন ও খালাকে নিয়ে নিউমার্কেট থেকে কেনাকাটা শেষে ধানমণ্ডি যাচ্ছিলেন তারা। এ সময় স্টার কাবাবের কাছে অটোরিকশাকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে তারা আহত হন।
ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোন ভবনের ওপর থেকে হাতবোমাটি নিক্ষেপ করা হয়েছিল বলে তাদের ধারণা।
আহত সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
