২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হিসাব চেয়েছে এনবিআর

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেসরকারি টেলিভিশন স্টেশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্যের খোঁজ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 10:39 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

সম্প্রতি এনবিআরের কর অঞ্চল-৭ থেকে দেশে কার‌্যরত সব ব্যাংকে চিঠি পাঠিয়ে টেলিভিশন স্টেশনটির সব ধরনের হিসাবের তথ্য তলব করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় কর নির্ধারণী ‌কার্যক্রমে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব ও সংগঠিত লেনদেনের তথ্য প্রয়োজন।”

জাতীয় রাজস্বের স্বার্থে এটি জরুরি হিসেবে বিবেচনায় নিতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

প্রতিষ্ঠানটির ২০০৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর।

২৬ ফেব্রুয়ারির মধ্যে এসব তথ্য এনবিআরে পাঠাতে ব্যাংকগুলোকে চিঠিতে বলা হয়েছে।

রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত কোন প্রতিষ্ঠান রিটার্নে যে হিসাব বিবরণী দেয় তা গ্রহণযোগ্য না হলে বা অবাস্তব মনে হলে অথবা সম্পদ গোপন করা বা কর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ওই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ অন্যান্য সম্পদের খোঁজ নেয় এনবিআর।