২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে পেট্রোল ঢেলে বাসে আগুন

বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ ও হরতালে মৌলভীবাজারের বড়লেখায় ঢাকাগামী একটি বাস ভাঙচুরের পর প্রেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 09:28 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বৃহস্পতিবার বিয়ানীবাজার-বড়লেখা সড়কের দাসেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে রূপসী বাংলা পরিবহনের একটি বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে বিয়ানীবাজার থেকে ঢাকা  যাচ্ছিল।

বাসটি বড়লেখা উপজেলার দাসেরবাজারের মাইজগ্রাম রাস্তার মুখে পৌঁছলে ১৫-২০ জন যুবক গতিরোধ করে বাসটি থামিয়ে প্রথমে ভাঙচুর চালায়।

ওই সময় বাসের চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নেমে যান।

এরপর ওই যুবকরা বাসে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।  

পরিদর্শক আকবর আলী জানান, পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসটি পুড়ে যায়।

তিনি জানান, অবরোধ ও হরতাল-সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি ও জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।