ফ্যামিলি মেডিসিন নিয়ে সম্মেলন হচ্ছে ঢাকায়
প্রথমবারের মতো ফ্যামিলি মেডিসিন নিয়ে ঢাকায় একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার পাশাপাশি বিশ্বের অন্যান্য অনেক দেশের খ্যাতিমান ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞরা অংশ নেবেন।
‘ওয়ার্ল্ড অরগানাইজেশন অফ ফ্যামিলি ডক্টরস’-(ডব্লিউওএনসিএ) এর প্রেসিডেন্ট অধ্যাপক মাইকেল কিড সম্মেলনের উদ্বোধন করবেন।
সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাকাডেমি অফ ফ্যামিলি ফিজিশিয়ানের মহাসচিব মো. নুরুল ইসলা ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সম্মেলনের মধ্য দিয়ে জ্ঞান ও তথ্য বিনিময়ের লক্ষ্যে একটি ফোরাম গড়ে তোলা হবে।
“এই অঞ্চলে ফ্যামিলি মেডিসিনের বর্তমান পরিস্থিতি এবং এ বিষয়ে গবেষণার সুযোগ-সুবিধা নিয়ে আমরা আলোচনা করবো।”
দক্ষিণ এশিয়ার দেশগুলো ছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।
