চট্টগ্রামে আগুনে পুড়ল ঝুটের ২ গুদাম
চট্টগ্রামের পাঁচলাইশে অগ্নিকাণ্ডে দুটি ঝুট কাপড়ের গুদাম পুড়ে গেছে।
এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বুধবার রাত ১০ টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় আবদুল হক নামে এক ব্যক্তির মালিকানাধীন সেমিপাকা ঝুটের গুদামে এ আগুন লাগে।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিনির্বাপক কর্মকর্তা জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
