২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি হলের কক্ষে পেট্রোল বোমা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের একটি কক্ষ থেকে ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 01:39 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ১২২ নম্বর কক্ষ থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়। কক্ষটিতে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা থাকতেন, তবে এটি ছয় মাসে ধরে সিলগালা ছিল।

গত বছরের ২৪ অগাস্ট সোহরাওয়ার্দী হলের নিয়ন্ত্রণ নিয়ে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের পর ওই কক্ষটি সিলগালা করে দিয়েছিল প্রশাসন।

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. আনোয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন শিক্ষার্থীদের জন্য বরাদ্দের পর আজ (বৃহস্পতিবার) সকালে কক্ষটি পরিচ্ছন্ন করতে গেলে কর্মচারীরা পেট্রোল বোমাগুলো দেখতে পায়।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই কক্ষ থেকে বোমাগুলো উদ্ধার করে।

ড. আনোয়ার সাঈদ বলেন, “কক্ষটি সিলাগালা ছিল। তাই বোঝা যাচ্ছে, সেখানে আগে থেকেই বোমাগুলো রাখা ছিল।”

বিএনপি-জামায়াত জোটের  লাগাতার অবরোধের মধ্যে গত এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়ার জন্য পেট্রোল বোমার ব্যবহার দেখা যাচ্ছে।