২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রন্থমেলা: স্বস্তি পরিবেশে, উদ্যানে বরাদ্দ নিয়ে আপত্তি

পরিবেশ ও পরিসর নিয়ে গ্রন্থমেলার আয়োজকরা প্রশংসা কুড়ালেও সোহরাওয়ার্দী উদ্যানে স্থান বরাদ্দ ও কাঠামো নিয়ে আপত্তি তুলেছেন খোদ স্টল মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 12:49 AM

Updated : 12 Oct 2022, 03:17 PM

মূল ফটক থেকে বেশ দূরে পূর্বপাশের স্টলের সারি। এর মাঝে ৫/৬টি বিক্ষিপ্ত সারিতে রয়েছে স্টল। আর তাতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ পূর্বপাশে স্টল পাওয়া প্রকাশকদের।  

হরতাল-অবরোধের কারণে এবার প্রকাশকরা বইপ্রেমীদের অবারিত স্রোতের দেখা না পেলেও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রতিদিনই সরব হচ্ছে দুই প্রাঙ্গণ।

‘আশানুরূপ না হলেও মেনে নেওয়ার মতো’ বিক্রি হচ্ছে বলে একাডেমি প্রান্তর ও উদ্যান চত্বরের অধিকাংশ স্টল মালিক জানিয়েছেন।

বুধবার পূর্বপ্রান্তের প্রকাশকদের কাছে সার্বিক অবস্থার খবর জানতে চাইলে অভিযোগের লম্বা তালিকা তুলে ধরেন তারা। সমস্যার সমাধানে বেশকিছু পরামর্শও দেন তারা।

তাদের মতে, দর্শনার্থীরা মেলার উদ্যানের অংশে প্রবেশের পর মাঝমাঠে স্টলের পাঁচটি সারি ডিঙ্গিয়ে পূর্ব পাশের স্টলগুলো দেখতে পান না। আঁকাবাঁকা অলিগলি মাড়াতে গিয়ে দর্শনার্থীরা ক্লান্ত হয়ে পূর্বপাশে আসার আগ্রহ হারান।

শামীম পাবলিশার্সের বিক্রয়কর্মী মোহাম্মদ শামীম বলেন, মেলার মাঠে সারি সারি স্টল স্থাপন করায় পূর্বাংশের স্টলগুলো ক্রেতা বঞ্চিত হচ্ছেন।

মেলার পঞ্চম দিনে এক টাকার বিক্রিও করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন সাকী পাবলিশার্সের বিক্রয়কর্মী। খুবই কম পরিমাণে বিক্রি হওয়ায় হতাশা প্রকাশ করলেন আরও কয়েকটি স্টলের মালিক।

মাঝ মাঠে বিক্ষিপ্ত স্টল বরাদ্দ দেওয়ার কারণে এমনটি হচ্ছে জানিয়ে বিক্রয়কর্মী মামুন বলেন, ভবিষ্যতে বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। অন্যথায় এবার যেসব স্টলমালিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন আগামীতে তারা মেলায় আসবেন না।

সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ঘোষণা

সাধারণত অন্যান্যদিন সন্ধ্যা নাগত দর্শনার্থীদের ভিড় বাড়তে দেখা গেলেও বই মেলার ১১তম দিনে বিকাল থেকে দর্শনার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন ১০৭টি নতুন বই এসেছে। মোড়ক উন্মোচন করা হয় ছয়টি নতুন বইয়ের।

বুধবার বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার-২০১৪ ঘোষণা করা হয়।

প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ কবি ইকবাল হাসান এবং লেখক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবালকে এই পুরস্কার পেয়েছেন।

আগামী ২৮শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে পঞ্চাশ হাজার টাকা অর্থমূল্যের এই পুরস্কার হস্তান্তর করা হবে।