খুলনায় বই মেলায় ফের বোমা হামলা, আহত ২
খুলনায় একুশের বইমেলায় আবারও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত বইমেলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পুলিশের নায়েক দিলীপ কুমার দাস (৪৮) ও কনস্টেবল মো. শিমুল হোসেন (৩০)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালিশপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনের দুই সদস্য একুশের বই মেলার গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে শিমুল দুই পায়ের এবং দিলীপ দাস বাম পায়ে আঘাত পান।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাতে বইমেলায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে হুমায়ূন কবীর নামে এক দর্শনার্থী আহত হয়েছিলেন।
