রাতের খাবার নিয়ে গেল পুলিশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মী-কর্মচারীদের বুধবার রাতের খাবার পুলিশ নিয়ে গেছে বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং-এর কর্মকর্তা সামসুদ্দীন দিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত আটটার দিকে তিনচাকার ভ্যানে করে ১১০ প্যাকেট খাবার এবং পানির বোতল কার্যালয়ের সামনে আনার পরপরই সাদা পোশাকের পুলিশ প্রথমে ভেতরে ঢুকতে বাধা দেয়। পরে খাবারসহ ভ্যানটি তারা ‘থানায় চলো’ বলে নিয়ে যায়।”
তিনি জানান, ভ্যানে করে আনা খাবার প্যাকেট তাদেরসহ এখানে অবস্থান করা সবার জন্য আনা হয়েছিল। প্রতিদিনই এভাবে আনা হয়।
কোন সময় খাবার ভেতরে ঢুকতে বাধা দেওয়া না হলেও এবার কেন বাধা দেওয়া হলো তা তাদের জানা নেই বলে দিদার জানান।
খাবার না পেলে রাতে তাদের না খেয়ে থাকতে হবে বলে তিনি জানান।
এবিষয়ে গুলশান থানার ওসিকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।
গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তার জানা নেই।
অবরোধ-হরতালের কর্মসূচি দিয়ে জানুয়ারির ৫ তারিখ থেকে খালেদা জিয়া কার্যালয়ে অবস্থান করছেন।
সেই দিন থেকেই গাড়িতে করে বিএনপি নেত্রী ও অন্যান্য নেতা, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্যাকেট করে খাবার ও পানি নেয়া হচ্ছে।
অবরোধ-হরতালবিরোধী সরকার সমর্থকদের বক্তব্য, কর্মসূচি চলাকালে অন্যদের সব যান জোর করে বন্ধ করার কথা বললেও বিএনপি নেত্রীর কার্যালয়ে গাড়িতে চড়ে নেতা কর্মী ও খাবার ঢুকছে।
