২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বানাতে বিস্ফোরণ, বিএনপি নেতা আহত

নাটোরে বোমা বানানোর সময় বিস্ফোরণে স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 09:46 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার নাটোর সদরের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনায় আহত জুয়েল রানা (২২) উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান আলী তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

নিশ্চিন্তপুর গ্রামের শাহীন আলম বলেন, বিকাল পৌনে ৩টার দিকে ওই গ্রামের রিকশাচালক আবুল কালামের বাড়িতে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে কালামের স্ত্রীর ভাগ্নে জুয়েল রানার (২২) দুই হাত ও মুখমণ্ডল ঝলসে যায়।

আহত অবস্থায় সে একটি অটোরিকশা ভাড়া করে ঘটনাস্থল ছেড়ে যায় বলে জানান শাহীন।

জুয়েলের খালা খোদেজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বোন মরিয়মের ছেলে জুয়েল সকালে বাড়িতে আসে। দুপুরের দিকে সে তার কাছে একটা কাগজ চেয়ে নিয়ে তার উপর কিছু সাদা পাউডার ও কিছু কাচের গুলি নিয়ে নাড়াচাড়া করছিল।

এ সময় বিকট শব্দ হয়। লোকজন ছুটে আসার আগেই জুয়েল বাড়ি ছেড়ে চলে যায় বলে জানান খোদেজা।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব এসে তল্লাশি শুরু করে বলে জানান তিনি।

র‌্যাবের এএসপি জামাল আল নাসের জানান, আবুল কালামের ছেলে আরিফুল ইসলামের ঘর থেকে একটি পিস্তল, চারটি গুলি, একটি ম্যাগজিন, ২০ গ্রাম গান পাউডার, ১৯টি খালি বোতল, একটি জর্দার কৌটা ও  ১১টি মার্বেল উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর থেকে আরিফুল, তার বাবা আবুল কালাম ও জুয়েল রানা পলাতক রয়েছে।

জুয়েলের বিরুদ্ধে প্রায় ২৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, বোমায় আহত জুয়েলকে এর আগেও অনেকবার গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছিল। কয়েকমাস আগে সে জামিনে মুক্তি পায়।