জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%
বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার আগের চেয়ে কমে ১ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে বলে সংসদে জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষে বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
সংসদে জানানো হয়, গত ডিসেম্বর পর্যন্ত শতকরা ৭৮ দশমিক ৪ জন দম্পতি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়েছে। বর্তমানে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর মোট সংখ্যা ২ কোটি ১০ লাখ ৩১ হাজার ১১৬ জন।
তিনি জানান, ১৯৭৪ সালে যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৪৬ শতাংশ, সেখানে তা বর্তমানে ১ দশমিক ৩৭ শতাংশে নেমে এসেছে।
মন্ত্রী জানান, ১৯৭৫ সালে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার (সিপিআর) ছিল ৭ দশমিক ৭৫। বর্তমানে এ পদ্ধতি ব্যবহারকারীর হার ৬১ দশমিক ২ শতাংশ।
মন্ত্রী জানান, ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে এইচআইভি (পজিটিভ) রোগীর সংখ্যা ৩ হাজার ৬৭৪ জন। এরমধ্যে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪১৭ জন।
সংসদে জানানো হয়, ২০১৪ সালে সরকারের অধীনে স্বাস্থ্যখাতে ব্যয় হয়েছে ৯ হাজার ৪০৮ কোটি টাকা। ২০০৭ সালে এ খাতে ব্যয় হয়েছিল ৪ হাজার ২০২ কোটি টাকা।
