মার্কেন্টাইল ব্যাংকের এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
সিএসআর তহবিলের প্রায় দুই কোটি টাকা আত্মাসাতের অভিযোগ অনুসন্ধানে মার্কেন্টাইল ব্যাংকের এমডি মো. এহসানুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের উপসহকারী পরিচালক সিনথিয়া ফেরদৌস বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা জানান, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমান উল্লাহর বিরুদ্ধে ব্যাংকের সিএসআর ফান্ড থেকে ১ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
২০১৪ সালের ২ ও ৩ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর ফান্ড থেকে আমান উল্লাহর নিজস্ব প্রতিষ্ঠান আমান গ্রুপ ফাউন্ডেশনের নামে ওই অর্থ আত্মসাৎ করা হয়।
ওই কর্মকর্তা জানান, প্রথমে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স বিভাগ বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব নিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে জানা গেছে এই অর্থ স্থানান্তরের আগে ওই প্রতিষ্ঠানের নামে কোন সম্পত্তির রেকর্ড পাওয়া যায়নি।
এই ঘটনার অধিকতর তদন্তের জন্য সম্প্রতি বিষয়টি দুদককে হস্তান্তর করা হয় বলে জানান ওই কর্মকর্তা।
অর্থ স্থানান্তরের ওই ঘটনার সময়ও এহসানুল হকই ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ছিলেন।
