২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার তদন্তে দুদকের সঙ্গে এনবিআরকেও চায় সংসদীয় কমিটি

মুদ্রা পাচারের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সম্পৃক্ত করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 09:11 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

মুদ্রা পাচারের অভিযোগ বর্তমানে দুদক তদন্ত করে।

বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, “মানি লন্ডারিংয়ের তদন্ত করতে এনবিআরের দক্ষ লোকবল রয়েছে। এজন্য কমিটি এখানে এনবিআরকে সম্পৃক্ত করার পক্ষে।

“মানি লন্ডারিং আইনের কার্যকারিতা বাড়াতে দুদকসহ সংশ্লিষ্টদের কমিটির আগামী বৈঠকে আমন্ত্রণ জানানো হবে।”

তিনি বলেন, “প্রয়োজনে এ সংক্রান্ত আইনের পরিবর্তন করারও সুপারিশ করা হবে।”

এদিকে বৈঠকে সংসদে উত্থাপিত ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল-২০১৫ নিয়ে আলোচনা হয়। কমিটি এ বিলটি নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে আরও বৈঠক করবে বলে কমিটির সভাপতি জানান।

গত ২৬ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে এটি পরীক্ষা করে ১৫দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটির সভাপতি মঙ্গলবার আরও ১৫দিন সময় বাড়িয়ে নেন।

আব্দুর রাজ্জাক বলেন, “বর্তমানে অর্থনৈতিক অগ্রগতির জন্য এই বিলটি যুগোপযোগী। এই বিলের সাথে সংশ্লিষ্টদের নিয়ে আরও বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান, মো. আব্দুল ওয়াদুদ, নাজমুল হাসান, টিপু মুনশি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মো, শওকত চৌধুরী অংশ নেন।