আরো মহিলা হোস্টেল চান প্রধানমন্ত্রী
কর্মজীবী নারীদের আবাসন সংকট দূর করতে রাজধানীসহ জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে আরো মহিলা হোস্টেল নির্মাণের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের (এনসিডব্লিউসিডি) বৈঠকে অর্থনৈতিক উন্নতির জন্য নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা।
জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থার প্রতিমন্ত্রী এবং মহিলা সমিতির নেতৃরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে জানান।
আর্থিকভাবে নারীদের আরো ক্ষমতায়নের জন্য কার্যকর প্রশিক্ষণ দিয়ে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ বাস্তবায়নের অগ্রগতি, শিশুদের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় বৈঠকে।
২০ দলীয় জোটের হরতাল-অবরোধে পেট্রোল বোমা নিক্ষেপ করে শিশু ও নারীদের পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও ধিক্কার জানানো হয় বৈঠক থেকে।
