২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: ‘সাংবাদিকদের মধ্যে বিভক্তিই কাল’

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের কোনো সুরাহা করতে প্রশাসনকে চাপ প্রয়োগে ব্যর্থতার জন্য নিজের বিভক্তিকে চিহ্নিত করেছেন সাংবাদিক নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 05:05 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

হত্যাকাণ্ডের তৃতীয় বছর পূর্তিতে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)  মানববন্ধন ও সমাবেশে সাংবাদিকদের উভয় ধারার নেতারাই বলেছেন, সাংবাদিকদের মধ্যে বিভক্তিই ‘কাল’ হয়েছে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালানো গেলে বিচারে এতদিন লাগত না।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের এক বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। তিন বছরেও এর তদন্ত শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, ফলে শুরু হয়নি বিচার প্রক্রিয়াও।

হত্যাকাণ্ডের পর সাংবাদিক সংগঠনগুলো একসঙ্গে আন্দোলন শুরু করলেও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ধীরে ধীরে তাতে ভাটা নেমে আসে।

বুধবার হত্যাকাণ্ডের বার্ষিকীতে অনেকদিন পর এক মঞ্চে আসেন দ্বিধাবিভক্ত সাংবাদিক ইউনিয়নগুলোর নেতারা।

সমাবেশে ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা বলেন, “১০ মার্চের মধ্যে এই হত্যাকাণ্ডের কূল-কিনারা না করতে পারলে ১১ মার্চ এই চত্বরে সব সাংবাদিক সংগঠন নিয়ে প্রতিবাদ সমাবেশ হবে।”

সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, “হত্যাকাণ্ডে তৃতীয় বছরেও আমরা কোনো মোটিভ জানতে পারিনি। কারা হত্যা করেছে? কেন করেছে?”

ওই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর একটি বক্তব্যও হতাশার সৃষ্টি করেছে বলে দাবি করেন বিএনপি সমর্থক সাংবাদিক ইউনিয়নের এই নেতা।

তিনি বলেন, “বেড-রুম পাহারা দেওয়া আমাদের (সরকারের) দায়িত্ব নয়- এ বক্তব্যের পর বিচারকাজ নিয়ে আমাদের (সাংবাদিক) মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এক ধরনের বক্তব্য ব্লান্ডার ছিল।”

“আমরাও ব্যর্থ হয়েছি, আর আমাদের মধ্যে বিভক্তিই কাল হয়েছে,” বলেন আবদাল।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, “আমরা পেশাদারিত্ব ও সাংগঠনিকভাবে সফল নই, ব্যর্থ হয়েছি।

“আমরা ব্যর্থ। এ পর্যন্ত কোনো সাংবাদিক হত্যারই বিচার হয়নি। শুধু গৌতম দাসের হত্যামামলায় নিম্ন আদালতে রায় হয়েছে। উচ্চ আদালতে কী হবে, তা জানি না।”

সরকার সমর্থক সাংবাদিক ইউনিয়নের এই নেতা অন্য ইউনিয়নের নেতার রাজনৈতিক দল সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তোলেন।

“আমাদের মধ্যে কেউ এমপি, মন্ত্রী হলে আমরা গর্ব করব যে আমাদের পেশার মানুষ মন্ত্রী, এমপি হয়েছে। আমাদের মধ্যে কেউ কেউ রাজনীতিবিদ হতে পারেন, তবে রাজনীতিতে যাওয়ার পরও কেন সাংবাদিক পরিচয় বহন করবেন?”

সমাবেশে লেখক ও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “এ হত্যাকাণ্ডটি রহস্যজনক, সরকারের ভূমিকা আরও রহস্যজনক।”

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে এই পর্যন্ত কয়েজনকে গ্রেপ্তার করা হলেও এর রহস্য এখনও অনুদ্ঘাটিত। গোয়েন্দা পুলিশের ব্যর্থতার পর এখন র‌্যাব এর তদন্ত করছে।   

রুনির ভাই মামলার বাদী নওশের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কি বলব, কিছুই বলার নেই। মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কোনো কথা-বার্তা হয় না।”

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কার্যক্রম চলছে। যেহেতু এটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, তাই সতর্কতার সঙ্গে তদন্ত কাজ চলছে।”

ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো নমুনার প্রতিবেদন পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার তা আদালতে জমা দেওয়া হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “ব্যর্থ নয়। তারা তদন্ত করে যাচ্ছে। আমরা আশাবাদী।”

পুরনো খবর:

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন কবে?
সাগর-রুনি খুন সনাক্ত করে গ্রেপ্তার ‘বন্ধু’সহ ৭: স্বরাষ্ট্রমন্ত্রী