২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন কবে?

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার পর প্রায় তিন বছরে দফায় দফায় তদন্ত কর্মকর্তা বদল আর তদন্ত প্রতিবেদনের জন্য আদালত সময় দেওয়ার পরও কার্যত  আলোচিত এই হত্যা মামলায় কোনো অগ্রগতি নেই।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 02:56 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

সর্বশেষ মঙ্গলবার ২৯তম ধার্য দিনেও তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের ইনভেস্টিগেশন এবং ফরেনসিক উইংয়ের সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) ওয়ারেছ আলী মিয়া।

বিচারক ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে আগামী ৩০ ডিসেম্বর দিন ঠিক করে ওই দিন তদন্ত কর্মকর্তাকেও সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।

প্রথমে শেরেবাংলা নগর থানার এসআই জহুরুল ইসলাম ও পরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক রবিউল আলম মামলার তদন্তের দায়িত্বে ছিলেন।

হত্যা রহস্যের কিনারা করতে না পারায় হাই কোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি র‌্যাবে স্থানান্তর করা হয়। র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাফর উল্লাহর হাত ঘুরে ওয়ারেছ আলী মিয়া এখন মামলাটি তদন্ত করছেন।

তদন্তে এসে র‌্যাব সন্দেহভাজন ১৬ জনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠায়। এছাড়া আলামত হিসেবে জব্দ করা ছুরি ও পোশাকের নমুনাও পাঠানো হয়। কিন্তু তাতেও খুনি সনাক্ত করা যায়নি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আলোচিত এই হত্যার আট মাস পর ২০১২ সালের ১০ অক্টোবর বনানী থানার একটি হত্যা ও ডাকাতি মামলায় আটক পাঁচ আসামি- মিন্টু ওরফে বারগিরা মিন্টু, বকুল মিয়া, কামরুল হাসান অরুণ, রফিকুল ইসলাম ও আবু সাঈদকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যারা চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি।

ওই দিনই নিহত দম্পতির কথিত পারিবারিক বন্ধু তানভীর রহমান এবং তাদের বাসার দারোয়ান পলাশ রুদ্র পালকে গ্রেপ্তার করা হয়। পরে আরেক দারোয়ান এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। মামলার অগ্রগতি বলতে এটুকুই।

নিহতদের পরিবার এবং সাংবাদিকদের পক্ষ থেকেও বিভিন্ন সময় তদন্ত নিয়ে ‘টালবাহানার’ অভিযোগ তোলা হয়েছে।

কয়েকদিন আগে সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনাম আহম্মেদ ওরফে হুমায়ুন কবীরকে দুই দিন হেফাজতে নিয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ করেছেন বর্তমান তদন্ত কর্মকর্তা।

এছাড়া মামলার অন্যতম আসামি তানভীর রহমান গত ২ ডিসেম্বর হাই কোর্ট থেকে জামিন পান।